রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশ :

লালমনিরহাট সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে তুষার চন্দ্র রায় (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তুষার চন্দ্র রায় রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে লালমনিরহাটে তার মাসি জানোকি বালা সরকারের সঙ্গে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্টাফ কোয়ার্টারের একটি কক্ষে তুষারের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মাসি জানোকি বালা। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

তুষারের মাসি জানোকি বালা সরকার বলেন, “আমি ভেবেছিলাম সে বেঁচে আছে, তাই দ্রুত তাকে নামিয়ে আনি। কিন্তু ততক্ষণে সে মারা গেছে। তার গলায় গামছা প্যাঁচানো ছিল। সকালবেলা ঘুমন্ত অবস্থায় রেখে আমি হাসপাতালে ডিউটিতে যাই। তুষার আমার ছেলে কৌশিকের সাথেই ঘুমাতো। কৌশিক সকাল ১১টা ১০ মিনিটে বাসা থেকে বের হয় এবং আমি ১১টা ৪৫ মিনিটে কোয়ার্টারে ফিরি। এই মাঝের ৩৫ মিনিটেই ঘটনাটি ঘটে যায়।”

তুষারের মাসতুতো ভাই কৌশিক বলেন, “আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি এবং তখনই তুষারকে দেখি।”

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী জানান, “খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”