ঢাকার কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার ভল্ট ভেঙে প্রায় ১৫ লাখ টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া পুরো অর্থ, সিসিটিভি ডিভিআরের হার্ডডিস্ক, লোহার শাবল, চাকু ও গ্রাইন্ডিং মেশিন।
বুধবার (১১ জুন) দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-দক্ষিণ) তরিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্যাংকের নিরাপত্তা প্রহরী মো. সিয়াম (২১), মো. আল আমিন (৩০) ও ইমরান শেখ (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ জুন) রাতের কোনো এক সময় কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং মোড় এলাকার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে চক্রটি প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা চুরি করে।
চুরির ঘটনা জানাজানি হওয়ার পরপরই ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কেরানীগঞ্জ মডেল থানার যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস হোসেন ও ডিবি দক্ষিণের এসআই টিটুল আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সিয়ামের ভাড়া বাসা থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা, আল আমিনের বাসা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ইমরানের বাড়ি থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
চুরির সময় ব্যবহৃত গ্রাইন্ডিং মেশিন, লোহার শাবল, চাকু ও সিসিটিভির ডিভিআর ডিভাইসসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।