লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পশুরামপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে মোঃ আব্দুল মজিদ দর্জির সাজানো সংসার। মঙ্গলবার (১০ জুন) ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চাপারহাট বাজারের আনন্দ টেইলার্সের মালিক আব্দুল মজিদ দর্জির বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে গেছে তার ৫টি বসতঘরসহ ৮টি পাকা ও আধাপাকা ঘর। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, আলমারি, ফ্রিজ, তৈজসপত্র, স্বর্ণালঙ্কার, নগদ দেড় লাখ টাকা, ধান, চাল, কাপড়চোপড়—সবই ভস্মীভূত হয়ে গেছে।
আব্দুল মজিদের তিন ছেলের মধ্যে দুইজন সম্প্রতি বিদেশ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফিরেছেন। তারা যে দেড় লাখ টাকা জমানো সঞ্চয় রেখেছিলেন, তা আলমারিতে থাকা অবস্থায় পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু টাকা অর্ধপোড়া অবস্থায় উদ্ধার করা গেলেও সেগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া আর চলবে না।
আব্দুল মজিদ দর্জি বলেন, “আগুনে আমার অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘরে কিছুই রইল না। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই সব শেষ হয়ে গেল।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইনে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। একটি কক্ষ থেকে আগুন শুরু হয়ে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো বাড়িটি গ্রাস করে নেয়।
স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই লোকজন কোনো রকমে বেরিয়ে এলেও ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আলমারিতে রাখা স্বর্ণালঙ্কারের কিছু অংশ উদ্ধার করা গেলেও নগদ টাকা প্রায় পুরোটাই অচল হয়ে গেছে।
আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “অগ্নিকাণ্ড ও নগদ টাকা পুড়ে যাওয়ার ঘটনা শুনেছি। কেউ লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”