রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন সমাবেশ করেছে সচেতন নাগরিক কমিটি- সনাক। ‘প্লাষ্টিক দূষণ আরনয়, এখন সময় বন্ধকরার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১জুন) সকালে প্রেসক্লাবের সামনে কর্মসূচীতে সনাকের সদস্যরা অংশ নেন। সনাক রংপুরের সভাপতি ড. শ্বাশত ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, সনাকের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহ আলম,সদস্য অ্যাড. এএএম মুনীর চৌধুরী, সামসাদ আরা গিনি, বেলাল হোসেনসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে শহর ও নগরে প্লাস্টিক বর্জ্যরে অব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষায় অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিটিকর্পোরেশন, পৌরসভা ও সংশ্লিষ্ট বেসরকারী প্রতিষ্ঠানের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুণঃপ্রক্রিয়াজাত করণের সক্ষমতা ও পদক্ষেপের ঘাটতি রয়েছে। ফলে প্লাষ্টিক বর্জ্যরে একটি বড় অংশ পয়ঃনিস্কাশনের নর্দমাসহ নদী-নালা ও জলাশয়ের তলদেশে জমা হয়। এই বর্জ্য নদীর ড্রেজিংসহ বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রমকে ব্যয় বহুল করছে। জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি করছে ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে ত্বরান্বিত করছে। কিন্তু প্লাস্টিক বর্জ্যরে নেতিবাচক প্রভাব সম্পর্কে নাগরিক সচেতনতার ঘাটতি রয়েছে ও তাদের সম্পৃক্ত করে বর্জ্য ব্যবস্থাপনায় কার্যক্রম বাস্তবায়নে সরকারের উদ্যোগও সীমিত। তাই প্লাস্টিকের ব্যবহার বন্ধে সরকারকে ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় বৈশ্বিক প্লাষ্টিক চুক্তি প্রণয়ন, প্লাষ্টিক মুক্ত ভবিষ্যত চুক্তি, প্লাষ্টিক দূষণ বন্ধসহ দূষণ প্রতিরোধে এক সাথে সকলকে কাজ করার আহ্বান জানানো হয়।