রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টার নিয়ে তারুণ্যের ভাবনা ও ভবিষ্যত প্রত্যাশা বিষয়ক সেমিনার হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবি দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টার আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন ও দক্ষ করে তোলার মাধ্যমে আমরা ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় একটি কার্যকর সমাজ গড়ে তুলতে পারি।
সেমিনারে বক্তব্য রাখেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোরটেশন এর এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট মাসুম এ পাটোয়ারী পিএইচডি।
দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক মোঃ জাকিউর রহমান সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের উপ-পরিচালক মোঃ মাসুদার রহমান।