রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নির্বাচনের কথা শুনলেই ভয় পান অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা—আমিনুল হক


প্রকাশ :

“স্বৈরাচারদের মতো অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা নির্বাচনের প্রসঙ্গ উঠলেই আতঙ্কিত হয়ে পড়েন,”— এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রবিবার (২৫ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে 'জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে আমিনুল হক বলেন,“আমরা বুঝতে পারছি না—কেন আপনাদের এত ভয়? সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা আপনাদের সমর্থন জানিয়েছে। আমরা আশা করি, দ্রুত সময়ের মধ্যেই আপনারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবেন। অথচ নির্বাচনের কথা উঠলেই অজুহাত খুঁজে, সংস্কারের কথা বলে, বিচারের কথা বলে আপনারা নির্বাচন থেকে সরে যেতে চান।”

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ‘দ্বৈত মানসিকতা’ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন,
“নির্বাচন তো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের মতামত প্রকাশের মাধ্যম। তাহলে সমস্যা কোথায়? ১৫ বছরের বেশি সময় ধরে যারা নতুন ভোটার হয়েছেন, তাদের অনেকে জানেন না ভোট কীভাবে দিতে হয়। সেই জনগণ এখন অপেক্ষায় আছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। অথচ কিছু উপদেষ্টা ও গণমাধ্যম সংশ্লিষ্ট ষড়যন্ত্রকারী নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত।”

তিনি আরও বলেন,“দেশে যাই ঘটুক, একটি চক্র সব কিছুর দায় বিএনপির ঘাড়ে চাপিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। ভালো হোক, মন্দ হোক—সব কিছুর দায় বিএনপির উপর চাপানোর অপচেষ্টা চলছে।”

রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে বিএনপির ৩১ দফার কর্মপরিকল্পনার গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন,
“বিএনপি সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করছে। আমাদের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে সংস্কার করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস. এম. জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মাহবুব আলম মন্টু ও আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।