রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নাট্যশিল্পী বাড়িতে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা


প্রকাশ :

ঝিনাইদহের কালীগঞ্জে এক নাট্যশিল্পীর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে গোয়ালঘর ও খড়ের গাদা পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার (২২ মে) মধ্যরাতে উপজেলার রাখালগাছী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নাট্যশিল্পী প্রশান্ত হালদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রশান্ত হালদার ঢাকার ‘অনুস্বর’ নাট্যদলের প্রতিষ্ঠাতাদের একজন। এ ঘটনায় শনিবার কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।

ঘটনার পরপরই ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাট্যশিল্পী প্রশান্ত হালদার তার লিখিত অভিযোগে জানান, শত্রুতাবশত দুর্বৃত্তরা মধ্যরাতে তাদের বাড়ির পেছনের খড়ের গাদায় আগুন লাগায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোয়ালঘরেও। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এর আগেও শত্রুতাবশত একাধিকবার দুর্বৃত্তরা তাদের ঘরের জানালায় মলমূত্র লাগিয়েছিল এবং টিনের চালে ও দোতলা ঘরে ইট-পাটকেল ছুড়েছিল। তার ধারণা, আগুন দেওয়ার পেছনেও সেই একই চক্র জড়িত।

পরিবার সূত্রে জানা গেছে, প্রশান্ত হালদার ও তার বোন শ্রাবণী রাখী ঢাকায় বসবাস করেন। আগুনের খবর পেয়ে তারা দ্রুত গ্রামের বাড়িতে ছুটে আসেন। বর্তমানে তাদের বাবা, কাকা ও ছোট ভাইসহ ছয়জন সদস্য ওই বাড়িতে থাকেন।

প্রশান্ত হালদার প্রায় চার দশক ধরে ‘অনুস্বর’ নাট্যদলের সঙ্গে যুক্ত। তিনি একজন নাট্যকার ও অভিনেতা হিসেবে পরিচিত।

শ্রাবণী রাখী বলেন, “আমাদের মনে হচ্ছে একটি অসৎ চক্র দীর্ঘদিন ধরে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। এ ঘটনায় আমরা প্রশাসনের সহায়তা কামনা করছি।”

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোফাজ্জেল হক জানান, “এ ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। দায়ীদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং পুলিশ অভিযান পরিচালনা করছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”