লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা গ্রামে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলিমা রানী স্থানীয় সবজি বিক্রেতা কামিনী রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির সামনে বোরো ধানের খড় শুকাচ্ছিলেন নিলিমা রানী। এ সময় চামটাবাজার থেকে একজন সহকর্মীকে সঙ্গে নিয়ে কালীগঞ্জ থানায় ফিরছিলেন কনস্টেবল আশিক। খালিসা গ্রামে পৌঁছালে নিলিমা রানীর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মোটরসাইকেলের নিচে চাপা পড়েন। আহত হন কনস্টেবল আশিকও।
স্থানীয়রা দ্রুত নিলিমা রানীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। তিনি জানান, উপস্থিত জনতা ও নিহতের পরিবারের সঙ্গে তাৎক্ষণিকভাবে আপোষ-মীমাংসা হওয়ায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী স্বরসতী রানী বলেন, “নিলিমা রানী রাস্তার নিজের পাশে দাঁড়িয়ে ছিলেন। পুলিশের মোটরসাইকেলটির গতি বেশি ছিল, তাই সেটি নিলিমাকে ধাক্কা দিয়ে তার বুকের উপর দিয়ে চলে যায়।”
ওসি সেলিম মালিক আরও জানান, “সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) অফিসের কাজ শেষে ফেরার পথে কনস্টেবল আশিক এ দুর্ঘটনার শিকার হন। নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়েছে।”