বৃহস্পতিবার (২২ মে) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, "বিএনপি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও পক্ষপাতমূলক আচরণ দেখতে চায় না। সরকার যদি নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে না পারে, তবে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে।"
বর্তমান পরিস্থিতিকে মোটেও স্বাভাবিক বা স্বস্তিদায়ক নয় বলে মন্তব্য করে প্রিন্স বলেন, "সরকারের একটি অংশ পরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। জনবিচ্ছিন্ন কিছু দল জানে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা জনগণের ভোটে জয়লাভ করতে পারবে না। তাই তারা শুধু নির্বাচন বিলম্বিত নয়, বরং সেটিকে অনিশ্চিত করতেও ষড়যন্ত্রমূলক অন্তর্ঘাতের পথ নিচ্ছে।"
রাখাইন ইস্যুতে মানবিক করিডরের আড়ালে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রের অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, "অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ও দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল এই ষড়যন্ত্রে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। সরকারের চরিত্র পরিবর্তন করে দীর্ঘমেয়াদি অনির্বাচিত শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার গভীর চক্রান্ত আকাশে-বাতাসে ভেসে বেড়াচ্ছে।"
প্রিন্স আরও বলেন, “ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা না করলে আন্দোলন ছাড়া কোনো বিকল্প থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিলে লাখো মানুষ ঢাকায় এসে নির্বাচনের দাবিতে জমায়েত হবে।”
মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান মানিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন প্রমুখ।