দেশের একাধিক স্থলবন্দরে লালমনিরহাটের পাটগ্রামের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা রুহুল আমীন বাবুলের সিন্ডিকেটের মাধ্যমে লেবার হ্যান্ডলিং ঠিকাদারি কাজ পরিচালনার অভিযোগ উঠেছে। নতুন করে এ কাজের ঠিকাদারি নেওয়ার চেষ্টার প্রতিবাদে আমার বাংলাদেশ (এবি) পার্টি পাটগ্রাম উপজেলা শাখা বুড়িমারী স্থলবন্দরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী করেছেন।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এই কর্মসূচী পালন শেষে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয় দলটি। পরে বুড়িমারীতে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্যে তুলে ধরেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু রাইয়ান আশয়ারী রছী।
বক্তব্যে দাবি করা হয়- রুহুল আমীন বাবুল পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিতর্কিত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি সন্ত্রাসী, মাদক চোরাচালান সিন্ডিকেটের প্রধান ও অনেক মামলার পলাতক আসামী এবং বুড়িমারী স্থলবন্দরের মেসার্স আবতাহী ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী। তিনি পলাতক হয়েও সিন্ডিকেট করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডলিং কাজ করছেন। পাশাপাশি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে লেবার হ্যান্ডলিং কাজের ঠিকাদারী নিতে দরপত্রে অংশ নিয়ে দ্বিতীয় দরদাতা হিসেবে রয়েছেন। অন্যদিকে তাঁর অংশীদারি প্রতিষ্ঠান ড্রপ কমিউনিকেশন লিমিটেডের মাধ্যমে বুড়িমারী স্থলবন্দরে এক যুগ ধরে লেবার হ্যান্ডলিং কাজ পরিচালনা করছেন। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরী থেকে বঞ্চিত করে রেখেছেন। বাবুলের সিন্ডিকেট ও তাঁর লাইসেন্স বাতিল এবং ব্যবসা বন্ধে করে তাকে গ্রেপ্তারের দাবি করা হয়।
বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের অবস্থান কমর্সচীতে বক্তব্য দেন- এবি পার্টির পাটগ্রাম উপজেলার আহ্বায়ক আবু হাসান মো. জোবায়ের, পাটগ্রাম ইউনিয়ন আহ্বায়ক মতিয়ার রহমান, পাটগ্রাম পৌর আহ্বায়ক মাসুদ ইবনে আলম প্রমুখ।