রাজধানীর কদমতলী থানার সুফিয়া হাসপাতালের পাশে একটি বাসায় সুমন মিয়া (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন রেবা বেগম জানান, সুমন রাজধানীর মান্ডা এলাকায় থাকতেন এবং পেশায় পাইলিং শ্রমিক ছিলেন। এক বছর আগে তার বিয়ে হয়। গত রাতে তিনি পারিবারিক বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুরে সবার অগোচরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি আর নেই।
রেবা বেগম আরও জানান, সুমন মোবাইল জুয়ায় আসক্ত ছিলেন। তারা ধারণা করছেন, জুয়ায় আসক্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাদের পিতার নাম মৃত ইব্রাহিম মিয়া।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।