রাজধানীর মাটিকাটা এলাকায় আজ ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ সন্ত্রাসবিরোধী অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার, ২৮ রাউন্ড গুলি এবং বিভিন্ন অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভাসানটেক সেনা ক্যাম্পের আওতাধীন ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সদস্যরা গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে গ্যাংটির উপর নজরদারি চালিয়ে আসছিল। সেই ধারাবাহিকতায় আজ রাত ২টা থেকে শুরু হওয়া অভিযানটি আনুমানিক ভোর ৫টার দিকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
অভিযান চলাকালে সন্ত্রাসীরা গ্রেফতার এড়াতে সেনা টহল দলের উপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে সেনাবাহিনী সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি ছোড়ে। এতে সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হয় এবং ঘটনাস্থলেই তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।