রংপুর সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১৮মে) বিকেলে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর এলাকায় শিশু, মেডিসিন, চক্ষু, গাইনীসহ সেনাবাহিনীর ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র প্রদানসহ রোগীদের ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়। সেই সাথে রোগীদের বিনামূল্যে ৫০ প্রকার ঔষধ দেয়া হয়। এছাড়া ২'শ জন অস্বচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সেনাবাহিনীর এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ৬৬ পদাতিক ডিভিশনের ২৫ বীর সার্পোট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোরসালিন মাহমুদ, ওসমানপুর ক্যাম্পের কমান্ডার মেজর নূর এ শহীদ ফারাবী, মেজর নাজমুল হায়দারসহ অন্যরা।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় মোরশেদা বেগম বলেন, এই প্রত্যন্ত এলাকায় ভালো ডাক্তার নেই। আমাদের আর্থিক অবস্থাও ততটা ভালো নয় যে আমরা শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাবো। আজ সেনাবাহিনীর ডাক্তাররা আমাদের এলাকায় এসেছেন। সেই সুযোগে আমার সন্তানকে নিয়ে এসেছি। এখানে বিনামূল্যে ওষুধও দিচ্ছেন ।
খাদ্য সহায়তা পাওয়া আম্বিয়া বেগম (৬০) বলেন, স্বামী বিছানাত পড়ি আছে। ছাওয়ারাও তো দেখে না। খুব কষ্টে দিনপাড় করি বাহে। আইজ সেনাবাহিনী একমাসের খাবার দেইল। এখন একনা চিন্ত্যা কমিল।
রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ২৫ বীর সার্পোট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোরসালিন মাহমুদ বলেন, এটি প্রত্যন্ত এলাকা। এখানে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করছেন। এছাড়াও দুস্থ পরিবারদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।