রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঢাকার মূল সড়কে রিকশা চলবে না--ডিএনসিসি প্রশাসক


প্রকাশ :

ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, রিকশা শুধুমাত্র অভ্যন্তরীণ সড়কে চলতে পারবে। পাশাপাশি, ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহায়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট এবং উৎপাদনকারী ওয়ার্কশপ বন্ধ করে দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় পরিচালিত এক উচ্ছেদ অভিযানে তিনি এসব কথা বলেন। ব্যাটারিচালিত অবৈধ রিকশা চলাচল রোধে এ অভিযান যৌথভাবে পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ডিএনসিসি। অভিযানে মূল সড়কে চলাচলরত প্রায় ৩০টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “এক সমীক্ষায় দেখা গেছে, সড়কে ঘটে যাওয়া ২০ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী এই ব্যাটারিচালিত রিকশাগুলো। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা। এসব রিকশা কোনো নির্দিষ্ট নীতিমালা বা নিরাপত্তা মানদণ্ড মেনে তৈরি করা হয়নি। এগুলোর অনিয়ন্ত্রিত গতি ও আচরণ প্রায়ই পথচারীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনা প্রতিরোধ এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বুয়েটের সহায়তায় নিরাপদ ব্যাটারিচালিত রিকশার একটি নকশা তৈরি করা হয়েছে, এবং কিছু নির্দিষ্ট কোম্পানিকে এসব রিকশা উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে।”

ডিএনসিসি প্রশাসক জানান, এই মাসের মধ্যেই রিকশাচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ চালকরাই বৈধ লাইসেন্স পাবেন এবং অনুমোদিত কোম্পানির তৈরি রিকশা নির্ধারিত এলাকাতেই চালাতে পারবেন। এক এলাকার বৈধ রিকশা অন্য এলাকায় চালানো যাবে না। যাত্রীদের দুর্ভোগ কমাতে নির্ধারিত ভাড়ার ব্যবস্থাও থাকবে।

তিনি আরও বলেন, “প্রত্যেক রিকশাচালককে একটি জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে লাইসেন্স দেওয়া হবে। রিকশা নিয়ে চলমান অবৈধ বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ডিএমপি ও ডিএনসিসির অঞ্চল-৫–এর অন্যান্য কর্মকর্তারা।