সাতক্ষীরার শ্যামনগর উপজেলা–সংলগ্ন পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ফেলে যাওয়া ৭৩ জন বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়া আটজনকেও স্বজনদের জিম্মায় দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টার দিকে কোস্টগার্ডের মোংলা পশ্চিম জোনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ের পর ৭৩ জনকে হস্তান্তর করা হয়। এর আগের দিন, সোমবার, অসুস্থ দুজনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কোস্টগার্ডের ব্রিফিংয়ের পর সুন্দরবনে ফেলে যাওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সোমবারই অসুস্থ দুজনকে হস্তান্তর করা হয়েছিল। আজ আরও আটজন অসুস্থ ব্যক্তিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, বাকি তিনজন ভারতীয় নাগরিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া চরে কয়েকটি নৌযানে ৭৮ জনকে ফেলে যায় বিএসএফ। পরে বন বিভাগের কর্মীরা তাদের মান্দারবাড়িয়া ক্যাম্পে নিয়ে রাখেন। এরপর কোস্টগার্ড তাদের উদ্ধার করে শ্যামনগর থানায় হস্তান্তর করে।
তদন্তে দেখা যায়, পুশ-ইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশি এবং ৩ জন ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।