কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে ৮ বাংলাদেশিসহ মোট ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃতদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। তাদের জাতীয়তা ও পরিচয় যাচাই-বাছাই করছে বিজিবি।
বুধবার (৭ মে) ভোররাতে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা এবং ভূরুঙ্গামারীর ভাওয়ালকুড়ি সীমান্ত দিয়ে এরা বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয় লোকজন তাদের ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে আটকে রেখে বিজিবির হাতে তুলে দেন।
রৌমারী সীমান্তে আটক করা হয় ৩০ জনকে এবং ভূরুঙ্গামারী সীমান্ত থেকে আটক করা হয় আরও ১৪ জনকে। আটককৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোররাতে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করা ৩০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে শনাক্ত করা গেছে। বাকি ২২ জন রোহিঙ্গা নাগরিক হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে।
জামালপুর বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে কেউ কেউ নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করেছেন। বর্তমানে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা এবং আগত পথের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ভূরুঙ্গামারীর ভাওয়ালকুড়ি সীমান্ত থেকে আটক ১৪ জনের মধ্যে ৮ জন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক। তিনি বলেন, "আটকদের মধ্যে কিছু বাংলাদেশি হলেও, বাকিদের পরিচয় নিশ্চিত করতে যাচাই প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
সম্প্রতি সীমান্ত এলাকায় পুশইন পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রোহিঙ্গাদের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের ঘটনা সীমান্ত নিরাপত্তা ও মানবিক দিক থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।