যশোরের চৌগাছা উপজেলায় নিয়মিত মামলার এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন থানার ওসিসহ সাতজন পুলিশ সদস্য। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে একটি দল আসামি সিয়ামকে গ্রেপ্তার করতে মাকাপুর গ্রামে অভিযান চালায়। গ্রেপ্তার কার্যক্রম চলাকালে স্থানীয় একদল দুষ্কৃতকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ফেরার পথে পুলিশ সদস্যদের ওপর আবারও হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ওসিসহ মোট ৭ পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত এএসআই লাভলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসা প্রদানকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল আবেদীন জানান, আহত সাতজন পুলিশের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আনোয়ার হোসেন বলেন, “আসামি সিয়ামকে থানায় আনা হয়েছে। সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”