রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের রায় বাতিলসহ ছয় দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে।আগামীকাল(বুধবার)থেকে সারাদেশের মত রংপুরেও কারিগরি শিক্ষক-শিক্ষার্থী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী উত্তরবঙ্গ ব্লকেডের মত কঠোর কর্মসূচী পালন করার ঘোষনা দিয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠান মিলনায়তনে সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি রায়হানুল ইসলাম রায়হান জানান, কারিগরি শিক্ষার্থীরা ছয় দফা দাবীতে ঈদের আগে কঠোর কর্মসূচী পালন করে। এর প্রেক্ষিতে কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক শিক্ষার্থী প্রতিনিধিদের ঢাকায় ডেকে আলোচনা করেন এবং ছয় দফা দাবী মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু এর পরে দৃশ্যমান কোন উদ্যোগ দেখা যায়নি। তাই আগামীকাল(বুধবার)থেকে সারাদেশের মত রংপুরেও কারিগরি শিক্ষক-শিক্ষার্থী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী উত্তরবঙ্গ ব্লকেডের মত কঠোর কর্মসূচী পালন করা হবে। এরপরেও দাবী আদায় না হলে লংমার্চ টু ঢাকা পালনের ডাক দিবে কারিগরি ছাত্র আন্দোলন।
এ সময় তারা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নতমানের চার বছর মেয়াদী কারিকুলাম চালু সহ তা পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজী মাধ্যমে করা, সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিচু পদে নিয়োগ বন্ধ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, কারিগরি শিক্ষা বর্হিভূত জনবলকে নিষিদ্ধ করে পরিচালক, উপ-পরীক্ষানিয়ন্ত্র সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ করা, পৃথক কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করার ছয় দফা দাবী তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কারিগরি ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান ফাহিম, সংগঠক সম্রাট মিয়া, বায়তুল ওয়ামী, মোয়াজ হোসেন, মাহির ফয়সাল, কবির হোসেন, রাশেদ মিয়াসহ অন্যরা।