আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দিয়েছেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আবু রাইয়ান আশয়ারী রছী। আনুষ্ঠানিকভাবে বুধবার তিনি এই পার্টিতে যোগ দেন বলে এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী জানা যায়।
আবু রাইয়ান আশয়ারী রাইয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি। তার পিতা মৃত আবু হেনা মো: এরশাদ হোসেন সাজু ছিলেন পাটগ্রাম উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
এবি পার্টিতে যোগদানের পর আবু রাইয়ান আশয়ারী বলেন, ‘উত্তরবঙ্গে আমার বাবার রাজনৈতিক মত, পথ এবং কাজকে যাঁরা ভালোবেসে পাশে ছিলেন, সেই জনগণ এখনো আমার বাবার সেই ভালোবাসার শূন্যতা অনুভব করেন। আমি সেই শূন্যতা পূরণ করতে না পারলেও বাবার মতোই জনগণের পাশে থাকার জন্য রাজনীতিতে যুক্ত হয়েছি।’
আবু রাইয়ান আশয়ারীকে ফুল দিয়ে বরণ করে নেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এ বি এম খালিদ হাসান, জলবায়ু ও সমুদ্রসম্পদবিষয়ক সম্পাদক সারোয়ার আলম (সরওয়ার সাঈদ), মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির এবং সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু।