বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) এর কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২০২৭) নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
১ ফেব্রুয়ারি প্রবীণ ভবনে শপথ বাক্য পাঠ করান সমাজ কল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বক্তব্য রাখেন নবনির্বাচিত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ও বাইগামের প্রশাসক মোশাররফ হোসেন। পরিচালক ( প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল লোকমান আলী (অব:)। অনুষ্ঠান সঞ্চালন করেন নব নির্বাচিত যুগ্ম মহাসচিব মনজু আরা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পর দামাল ছেলেরা হারিয়ে গেলেন। যুদ্ধ শেষে বিজয়ী বীরেরা রাষ্ট্রের সাথে জড়িয়ে থাকলে দেশে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও বৈষম্য প্রতিষ্ঠা সম্ভব ছিল না। তিনি বলেন, ক্রমেই প্রবীণ ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এনাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানো হচ্ছে না। প্রবীণদের সমন্বয় একটি কমিউনিটি গড়ে তুলতে হবে, যাতে প্রবীণ ব্যক্তিরা অবদান রাখতে পারেন।
নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানটির নামে সরকার প্রদত্ত জমি নামমাত্র মূল্যে রেজিস্ট্রি করে দেয়ার জন্য উপদেষ্টার সার্বিক সহায়তার অনুরোধ জানান। বিগত বছর গুলোতে এই প্রতিষ্ঠানটিতে নানারূপ অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও বিশৃংখলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ফলে প্রয়োজনীয় অর্থের অভাবে হাসপাতাল, নিবাস পরিচালনা ও কমকর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করাসহ সার্বিক উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হয়নি। সর্বোপরি বিশেষায়িত জেরিয়াট্রিক হাসপাতালের উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। নেতৃবৃন্দ উপদেষ্টার নিকট আর্থিক বরাদ্দ প্রদানের আহ্বান জানান। দেশে প্রায় তিন কোটি প্রবীণের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা সহ ২০১৩ সালে প্রবীণ নীতিমালা বাস্তবায়নের দাবি জানানো হয়।
শপথ বাক্য পাঠ করেন, নবনির্বাচিত সভাপতি- বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, সহ-সভাপতি (১) ফরিদা মনি শহীদুল্লাহ। সহ-সভাপতি (২) বীরমুক্তিযোদ্ধা ডঃ মুহাম্মদ শফিকুল ইসলাম, মহাসচিব- বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান, যুগ্ম মহাসচিব-মনজু আরা বেগম, কোষাধ্যক্ষ- বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক- বীর মুক্তিযোদ্ধা এ এম হুমায়ুন রেজা কামাল, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক- বীর মুক্তিযোদ্ধা আজহারুল আলম ভূঁইয়া।
কার্যনির্বাহী সদস্য-বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা একে নুরুল হুদা, অ্যাডভোকেট খালেদা খানম, গোলাম সারোয়ার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল মাকসুদ, বীর মুক্তিযোদ্ধা ড. মুন্সী শাহজাহান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোফাখখারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম।
শপথ বাক্য অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিবর্গ, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের জীবন সদস্য, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।