"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এবং বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিজম ও কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর আলম । বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম শিকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান।
বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অটিজম শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। পাশাপাশি কারাতে ক্রীড়ার মাধ্যমে আত্মরক্ষা ও শৃঙ্খলাবোধ তৈরি হয়। তারা আরও বলেন, খেলাধুলাই পারে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে তরুণদের রক্ষা করতে। বিশেষ করে, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মোবাইল গেমিং আসক্তি দূর করতে ক্রীড়ার বিকল্প নেই।
উল্লেখ্য, লালমনিরহাটের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ১৪০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।