রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পাঁচ দিনব্যাপী বিভাগীয় এসএমই (বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প) পণ্যমেলা ২০২৫- এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৩শে ফেব্রুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে বিভাগীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন ও বিসিক জেলা কার্যালয় যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, এসএমই পণ্যমেলা ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজারজাতকরণের পাশাপাশি উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশিও অর্থনীতির বড় একটি অংশই কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাভূক্ত। দেশের লক্ষ লক্ষ মানুষ এ শিল্পের সাথে জড়িত। স্বল্প মূলধন, স্থানীয় কাঁচামাল, ব্যক্তিগত নৈপুণ্য, সৃজনশীলতা, পারিবারিক সদস্যদের বিশেষ করে মহিলাদের কর্মশক্তি ব্যবহার করে এ জাতীয় শিল্পগুলো গড়ে উঠে যা দেশে সমতাভিত্তিক অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে এ মেলার সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটিএসবি)আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ জয়নাল আবেদীন, রংপুর বিসিক জেলা কার্যালয়ের সহকারী-মহাব্যবস্থাপক নাজমা খাতুন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উদ্যোক্তাগন এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২৩শে ফেব্রুয়ারি হতে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী রংপুর বিভাগীয় এসএমই পণ্যমেলায় কৃষি, খাদ্য, আইসিটি, চামড়াজাত, পাটজাত এবং হস্ত ও কারুশিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের ৬০টি স্টল স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।