তারুণ্যের উৎসব, ২০২৫ উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে রংপুরে বিভাগীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২রা ফেব্রুয়ারি) সকালে রংপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এর সহযোগিতায় বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতা আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ ও ঐক্যবোধ জাগ্রত করে। অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিযোগিতায় সবাই জয়ী হতে পারে না, অংশগ্রহণ করাই বড়ো বিষয়। বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রেখে খেলোয়াড়গণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তরুণদের উদ্দেশ্য তিনি আরও বলেন, তোমরা দীপ্ত বেগে, দৃঢ় চেতনায় এগিয়ে চলো, তোমাদের পথ আরও সুগম ও সুন্দর হোক। উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় রংপুর বিভাগের আট জেলার অ্যাথলেটবৃন্দ ১৮টি ইভেন্টে অংশগ্রহণ করেন।