লালমনিরহাটের পাটগ্রামে স্বেচ্ছসেবক দলের নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। দলীয় ক্ষমতা খাটিয়ে জমির ইরি ধান খেত নষ্ট করে দখল চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলার সাহেবডাঙা এলাকার বাসায় এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্য তুলে ধরেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ওমর ফরুক। তিনি দাবি করেন পৈতৃক সূত্রে জমির মালিক হিসেবে ভোগদখলীয় ২৫ শতাংশ জমি শ্রীরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন রুবেল গত ৫ আগস্টের পর থেকে দখলের চেষ্টা করতে থাকে। কেনা জমি দাবি করে দীর্ঘদিন থেকে রুবেল বিরোধ করছেন। এ ঘটনায় ফারুক বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বিচারাধীন রয়েছে।
এরমধ্যে গত ২৯ জানুয়ারি সকালে শতাধিক সশস্ত্র লোকজন নিয়ে জমিতে লাগানো ইরি ধান খেত নষ্ট করে রুবেল। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান, বিএনপি নেতা শওকত হায়াত প্রধান বাবু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক কিরনকে জানায় ভুক্তভোগী পরিবার। অন্যায়ভাবে জমি দখলে বিএনপির নেতারা রুবেলকে নিষেধ করে। নিষেধ অমান্য করে ওই জমির খেত নষ্ট করে দখলে নেয় রুবেল। এসব ঘটনায় ওমর ফরুক বাদী হয়ে পাটগ্রাম থানায় ওইদিনই ২৯ জানুয়ারি একটি মামলা দেন। অন্যায়ভাবে জমি দখলের ঘটনায় এ সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।
এ ব্যাপারে জয়নুল আবেদীন রুবেল বলেন, ‘অবশ্যই জমি দখল করিনি। জমি তো আমার না। আমার বাবার। আমার দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। বিষয়টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাদেরকে অবগত করেছি।’
লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জানান, ‘অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’