গতকাল সোমবার ( ১৩ জানুয়ারি ) পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের পঞ্চগড় জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক আরিফুজ্জামানের সাথে চরম দুর্ব্যবহার ও হেনস্তা করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আমিনুল হক তারেক। অভিযোগ রয়েছে, শুধুমাত্র "স্যার" সম্মোধন না করায় তিনি এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।
দীর্ঘ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা আজও বাস্তবায়িত হয়নি। হাজারো প্রাণের বিনিময়ে পাওয়া এই দেশ এখনো ঔপনিবেশিক শাসন কাঠামোর জালে বন্দি। জনগণের সেবার জন্য নিয়োজিত আমলারা নিজেদের প্রভু হিসেবে কল্পনা করছে।
এ ধরনের আচরণ শুধু ব্যক্তি অপব্যবহার নয়, এটি জনগণের সম্মান এবং গণতান্ত্রিক অধিকার হরণের একটি জঘন্য উদাহরণ। সমগ্র বাংলাদেশে এ ধরনের আমলাতান্ত্রিক আস্ফালন গণঅভ্যুত্থানের চেতনাকে বাধাগ্রস্ত করছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলন স্পষ্টভাবে জানাচ্ছে—এ ধরনের ঔদ্ধত্য ও ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না। আমরা অবিলম্বে এনডিসি আমিনুল হক তারেককে বরখাস্ত করে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
জনগণের টাকায় বেতনপ্রাপ্ত এসব কর্মকর্তাদের মনে রাখা উচিত—তারা জনগণের সেবক, প্রভু নয়। জনগণের সম্মান ক্ষুণ্ন করার যেকোনো চেষ্টা কঠোর প্রতিরোধের সম্মুখীন হবে।