রংপুরে আন্তঃবিদ্যালয় বিজ্ঞান উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা অক্টোবর) রংপুর জিলা স্কুল মাঠে আন্তঃবিদ্যালয় বিজ্ঞান উৎসব ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, কল্পনাশক্তি জ্ঞানের পরিসীমাকে অনেক বৃদ্ধি করতে পারে। এজন্য জ্ঞান অর্জনের পাশাপাশি কল্পনাশক্তির বিষয়েও গুরুত্ব দিতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও মানুষ বৈজ্ঞানী হতে পারেন। বিজ্ঞান আমাদের চিন্তা করতে শেখায় ও যুক্তিবাদি করে তোলে। বিজ্ঞানই পারে সব অন্ধকার মুছে আলোর পথ তৈরি করতে। এই ধরনের বিজ্ঞান উৎসব সেই যাত্রাপথের একটি পদক্ষেপমাত্র, যা দেশের বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করবে। তিনি শিক্ষার্থীদের সচেষ্ট হয়ে এবং সক্রিয়ভাবে এই বিজ্ঞান উৎসবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, রংপুর জিলা স্কুলের তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী তিনটি গ্রুপে বিভক্ত হয়ে এই বিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করেন।