বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছে । শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালু উপজেলার দরগাহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো: ফারুক ও তার শিশু কন্যা হুমায়ারা এবং ভ্যান চালক শাহিনুর রহমান। কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন জানান, সকাল ১০ টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় একটি রিক্সা ভ্যান যাওয়ার পথে এটির চাকা ভেঙ্গে যায়। এসময় পিছন থেকে নওগাঁমুখী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। রিক্সাভ্যানে একই পরিবারের ৩ জনসহ ৪ জন ছিলেন। তারা আহত হন।
তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৩ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।