বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামুসজ্জামান দুদু বলেছেন, শেখ মুজিবের চেয়ে তার মেয়ে আরও বেশি ভয়ংঙ্কর। গত ১৬ বছরে কত হাজার মায়ের বুক সে খালি করেছে তার হিসেব নেই। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ দুই হাজার নেতাকর্মীকে গুম ও নিখোঁজ করেছে কিংবা আয়না ঘরে পাঠিয়ে জীবন শেষ করে দিয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা দম্ভ করে বলতেন মুজিব কন্যা নাকি পালায় না। এমন দৌড় দিয়েছে যে দেশে এমন দৌড় আর কেউ দিতে পারেনি। আবার নাকি তিনি ফিরে আসার চিন্তা করছেন। আমি বলতে চাই আপনি দেশে আসেন। কত মানুষকে আপনি খুন করেছেন, কত লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপন্ন করেছেন তার জবাব দিতে হবে। কেন বাংলাদেশের মানুষকে আপনি ভারতের দাসত্বে রুপান্তর করেছিলেন তার জবাব দিতে হবে।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান দুদু বলেন, যে স্বপ্নকে পূরণ করতে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। শহীদ জিয়া যেমন খাদ্যে সয়ংসম্পূর্ণ করেছেন, শ্রমিকদের কাজ দিয়েছিলেন, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করেছিলেন, তারেক রহমান ও বেগম খালেদায় জিয়া সেই বাংলাদেশ গড়তে চান। আমরা রক্ত দিতে জানি, আন্দোলন করতে জানি, ত্যাগ স্বীকার করতে জানি। এক আল্লাহ ছাড়া বিএনপি কারো কাছে মাথা নত করে না।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান বলেন, একাত্তরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান ঘোষনা করেছিলেন, আমি মেজর জিয়াউর রহমান বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এই ঘোষণার বাহিরে কোন ঘোষণা নয়। দেশের কিছু প্রতারক শহীদ জিয়াকে ছোট করার জন্য নানা মিথ্যাচার করেছে। স^াধীনতার পর শেখ মুজিবুর রহমান এককভাবে ক্ষমতা গ্রহণ করে রক্ষীবাহিনী দিয়ে সাড়ে ৩ বছরে ৪০ হাজার বিরোধী দলের মানুষকে হত্যা করেছিল। দূর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। উত্তরের বাসন্তী সেই সময় মাছ ধরার জাল দিয়ে লজ্জা নিবারণ করেছিল। সেই সময় মানুষের অধিকার বলতে কিছু ছিল না।
মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড.মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা এমদাদুল হক ভরসা,মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, বিএনপি নেতা আব্দুস সালাম ।
এরপর জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া মঞ্চ, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অংশ গ্রহণে বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।