লালমনিরহাটে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, আলোচনা সভা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া লালমনিরহাটের বড়বাড়ী আবুল কাশেম ডিগ্রি কলেজে স্থানীয়দের উদ্যোগে ঐতিহ্যবাহী বউ-জামাই মেলার উদ্বোধন করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
১৫ দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে ১৬ ডিসেম্বর এবং চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় মৎস্য স্টল, পিঠা স্টল এবং প্রসাধনী পণ্যের স্টল স্থান পেয়েছে।
প্রথম দিন থেকেই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। গলায় মালা ও লাল শাড়ি পরে মেয়েরা তাদের জামাইদের নিয়ে মেলায় অংশ নিচ্ছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এ মেলায় আসছেন। দোকানিরা পসরা সাজিয়ে হরেক রকম পিঠা ও বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসেছেন।
মেলার বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিদিন সকালে মৎস্য উৎসব এবং বিকেল থেকে রাত পর্যন্ত পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ মেলা উপলক্ষে সদর উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন বাড়িতে মেয়ে-জামাইদের আমন্ত্রণ জানানো হয়েছে। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য জামাইরা বড় মাছ ও পিঠা কিনছেন, আর শ্বশুর-শাশুড়িরা জামাইদের জন্য আয়োজন করছেন বিশেষ আপ্যায়নের।
দর্শনার্থীরা জানান, মেলার মাছ ও পিঠার দাম কিছুটা বেশি হলেও গ্রামের ঐতিহ্য রক্ষার জন্য তারা আনন্দের সঙ্গে পছন্দের জিনিস কিনছেন।
বিক্রেতারা জানান, মাছের আড়তেই দাম বেশি হওয়ায় পরিবহন খরচসহ বিক্রির দাম কিছুটা বাড়াতে হয়েছে। তবে মেলায় বিক্রি বেশি হওয়ায় লাভের পরিমাণ কম রাখা হয়।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ফারুক সিদ্দিকী জানান, এই মেলার মূল উদ্দেশ্য গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখা। নতুন প্রজন্ম বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে পরিচিত হতে পারবে। পাশাপাশি জামাইরা বড় মাছ কিনে শ্বশুরবাড়ি গিয়ে দুপুরের খাবারে অংশ নেবেন। দুপুরের খাবারের পর বিকেলে সবাই পিঠা মেলায় যোগ দেবেন।
মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গ্রামীণ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আনন্দ যোগাচ্ছে।