রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

যুবদল সভাপতির বিরুদ্ধে একাধিক জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়ন যুবদল সভাপতি রাসেদ হোসেনের বিরুদ্ধে একাধিক কৃষকের জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ ইতিমধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটিকে ও বিএনপি’র কেন্দ্রীয় সদস্য এবং জেলা যুবদলকে দিয়েছে ভুক্তভোগী ব্যক্তিরা।  

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কৃষক নুরুল ইসলামের মালিকানাধীন ৫৪ শতাংশ জমি গত ১০ ডিসেম্বর দখল করেন যুবদল নেতা রাসেদ। নুরুল দখলের ব্যাপারে উপজেলা যুবদলের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত ১৯ নভেম্বর একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক সাইদুল ইসলামের ভোগ দখলীয় ৫৫ শতক সরিষা খেত নষ্ট করে জবর দখল করেন রাসেদ। এনিয়েও একটি লিখিত অভিযোগ গত ১১ ডিসেম্বর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটিকে দিয়েছেন সাইদুল। গত ১৫ ডিসেম্বর গভীর রাতে বুড়িমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামের নিকট ইউনিয়ন যুবদল সভাপতি রাসেদের নির্দেশে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করার আরো একটি লিখিত অভিযোগ দেওয়া হয় উপজেলা যুবদলকে। অপরদিকে গত ১ ডিসেম্বর বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস অফিসে চাঁদা দাবির ঘটনায় বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ইবনে সুমন গত ২ ডিসেম্বর উপজেলা যুবদলের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এসব অভিযোগের তথ্য জানতে গেলে যুবদল সভাপতির পরিচয় দিয়ে স্থানীয় সাংবাদিকদের উপর চড়াও হন রাসেদের ৭ থেকে ৮ জন যুবক। এ ঘটনা উল্লেখ করে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে সংবাদকর্মীরাও লিখিত অভিযোগ দিয়েছে। 

এসব অভিযোগ তদন্তে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব গত ১৪ নভেম্বর ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেয় উপজেলা যুবদল। ঘটনা তদন্ত করে প্রতিবেদনে অভিযোগের সত্যতা ও প্রমাণ পেয়েছেন উল্লেখ করে রাসেদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মত দিয়েছেন তদন্ত কমিটি।  

এ ব্যাপারে বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি রাসেদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব সম্পর্কে কিছু জানি না। আপনারা মাঠ পর্যায়ে তথ্য নেন। দেখেন জমি দখল করেছি কীনা। এসব ভুয়া তথ্য।’ 

পাটগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম বলেন, ‘রাসেদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি সত্যতা পেয়েছে রিপোর্ট দিয়েছে। কেন্দ্র ও জেলা যুবদলের নিকট তথ্য পাঠানো হয়েছে। উনারা এখন কি পদক্ষেপ নেয়।’