শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আলেমের মর্যাদা কেন? যে ১০ বৈশিষ্ট্যে ফুটে ওঠে প্রকৃত আলেমের পরিচয়


প্রকাশ : (১০ মিনিট আগে)
আলেমের মর্যাদা কেন? যে ১০ বৈশিষ্ট্যে ফুটে ওঠে প্রকৃত আলেমের পরিচয়

ইলম শুধু জানার বিষয় নয়, তা জীবন গঠনের আলো। আর সেই জ্ঞান যখন আল্লাহভীতি, আমল, ইখলাস ও মানবকল্যাণের সঙ্গে যুক্ত হয়, তখন একজন আলেম হয়ে ওঠেন সমাজের জন্য সত্যিকারের পথপ্রদর্শক।

আলেমরা মুসলিম সমাজের পথ প্রদর্শক ও নেতা। শেষ নবী মুহাম্মদ (সা.)-এর ইন্তেকালের পর তাঁরাই ঐশী জ্ঞানের ধারক ও নববী জ্ঞানের উত্তরাধিকারী।

কোরআন ও হাদিসে আলেমদের অসংখ্য মর্যাদা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আবেদদের ওপর আলেমদের মর্যাদা তেমন, পূর্ণিমার রাতে অন্যান্য তারকার ওপর চাঁদের মর্যাদা যেমন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৩৬৪১)

তবে আলেমদের এই মর্যাদা নিঃশর্ত নয়। কোরআন ও হাদিসে বর্ণিত আলেমদের মর্যাদা তাঁদের জন্যই প্রযোজ্য হবে, যাঁরা জ্ঞান অর্জনের পাশাপাশি আল্লাহভীতি, আমল, ইখলাস, উত্তম চরিত্র ও মানবকল্যাণের গুণ অর্জন করেন।

পূর্বসূরি আলেমরা হক্কানি ও রব্বানি আলেমদের একাধিক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি বৈশিষ্ট্য হলো

১. অন্তরে আল্লাহর ভয় থাকা
একজন হক্কানি আলেমের প্রধান বৈশিষ্ট্য হলো তাঁর অন্তরে সর্বদা আল্লাহর ভয় বিরাজ করবে। তিনি মানুষের প্রশংসা কিংবা সমালোচনার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেবেন।

আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে প্রকৃতপক্ষে আলেমরাই তাঁকে (যথাযথ) ভয় করে।’ (সুরা ফাতির, আয়াত : ২৮)

অর্থাৎ প্রকৃত জ্ঞান মানুষকে অহংকারী নয়, বরং বিনয়ী ও আল্লাহভীরু করে তোলে।

২. বিশুদ্ধ জ্ঞানের ধারক হওয়া
একজন আলেম অবশ্যই বিশুদ্ধ উৎস থেকে জ্ঞান অর্জনে সচেষ্ট থাকবেন। কোনো বিষয় সম্পর্কে নিশ্চিত জ্ঞান না থাকলে তা প্রচার না করাও আলেমের দায়িত্ব।

আবদুল্লাহ বিন মাসউদ (রা.) বলেন, ‘যে জানে সে যেন তাই বলে, আর যে জানে না সে যেন বলে, আল্লাহ সর্বাধিক অবগত। কারণ এটাও একটা জ্ঞান যে, যার যে বিষয় জানা নেই সে বলবে, আমি এ বিষয়ে জানি না।’ (সহিহ বুখারি, হাদিস : ৪৭৭৪)

তাই প্রকৃত আলেম জানার পাশাপাশি নিজের অজ্ঞতার সীমাটিও স্বীকার করতে জানেন।

৩. সুন্নতের অনুসারী হওয়া
ইত্তেবায়ে সুন্নত তথা সুন্নতে নববীর আলোকে জীবন গঠন করা একজন হক্কানি আলেমের অন্যতম বৈশিষ্ট্য।

আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই রাসুলের জীবনে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।’ (সুরা আহজাব, আয়াত : ২১)

তাঁর জ্ঞান, ইবাদত, আচার-আচরণ ও জীবনযাপনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের প্রতিফলন থাকবে।

৪. ইখলাস থাকা
একজন সত্যিকার আলেমের কথা ও কাজের মূল উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। জ্ঞান যেন খ্যাতি, পদমর্যাদা, বিতর্কে জয় কিংবা মানুষের প্রশংসা পাওয়ার মাধ্যম না হয়—সেদিকে তাঁকে সর্বদা সতর্ক থাকতে হবে।

নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আলেমদের ওপর গর্ব করার জন্য অথবা মূর্খদের সঙ্গে তর্কবিতর্ক করার জন্য অথবা মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য জ্ঞানার্জন করে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন।’ (জামে তিরমিজি, হাদিস : ২৬৫৪)

ইলমের সৌন্দর্য তখনই পূর্ণতা পায়, যখন তার সঙ্গে থাকে বিশুদ্ধ নিয়ত।

৫. ইলম অনুযায়ী আমল করা
শুধু জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়; সেই জ্ঞান নিজের জীবনে বাস্তবায়ন করাও জরুরি। একজন আলেম মানুষকে যে ভালো কাজের শিক্ষা দেবেন, নিজেকেও তা পালনের চেষ্টা করতে হবে।

যে ব্যক্তি তার ইলম অনুযায়ী আমল করে না, কিয়ামতের দিন তার অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। জাহান্নামিরা তাকে লক্ষ্য করে বলবে, হে অমুক! তোমার এ কি অবস্থা? তুমি না সর্বদা আমাদের ভালো কাজের উপদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করতে? তখন লোকটি জবাবে বলবে, আমি তোমাদের ভালো কাজের আদেশ দিতাম; কিন্তু নিজে তা করতাম না। আমি তোমাদের মন্দ কাজ থেকে নিষেধ করতাম; কিন্তু আমি নিজেই সে কাজ করতাম। (মিশকাতুল মাসাবিহ, হাদিস : ৫১৩৯)

তাই প্রকৃত আলেমের জীবনই তাঁর শিক্ষার সবচেয়ে বড় উদাহরণ।

৬. হকের ওপর অবিচল থাকা
সত্যকে জানা এবং সত্যের ওপর অটল থাকা একজন আলেমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিস্থিতি কঠিন হলেও সত্যের অবস্থান থেকে সরে যাওয়া তাঁর জন্য শোভনীয় নয়।

আল্লাহ বলেছেন, ‘সত্য কেবল তোমার পালনকর্তার পক্ষ থেকে আসে। অতএব, তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়ো না।’ (সুরা আলে ইমরান, আয়াত : ৬০)

প্রশংসা বা বিরোধিতা নয়, হক ও সত্যই হবে তাঁর অবস্থানের ভিত্তি।

৭. উত্তম চরিত্রের অধিকারী হওয়া
ইলমের সঙ্গে উত্তম চরিত্র না থাকলে একজন আলেম মানুষের জন্য আদর্শ হয়ে উঠতে পারেন না। তাঁর কথা, আচরণ, বিনয়, ধৈর্য ও মানুষের সঙ্গে ব্যবহার—সবকিছুতেই ইসলামের সৌন্দর্য প্রকাশ পাবে।

নবীজি (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বাপেক্ষা উত্তম যে চরিত্রের দিক থেকে উত্তম।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৫৫৯)

মানুষ তাঁর কাছ থেকে শুধু জ্ঞানই নয়, সুন্দর জীবনযাপনের শিক্ষাও গ্রহণ করবে।

৮. সহনশীল হওয়া
মানুষ ভুল করবে, প্রশ্ন করবে, কখনো বিরোধিতাও করবে। একজন আলেমকে এসব পরিস্থিতিতে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আপনি যদি কর্কশভাষী, কঠোর হৃদয় হতেন তাহলে তাঁরা আপনার সংসর্গ থেকে দূরে সরে যেত।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৫৯)

কঠোরতা দিয়ে মানুষকে দূরে সরিয়ে দেওয়া নয়; বরং প্রজ্ঞা, নম্রতা ও ভালোবাসার মাধ্যমে সত্যের পথে আহ্বান করাই আলেমের সৌন্দর্য।

৯. সত্য উচ্চারণে নির্ভীক হওয়া
সত্য জানা সত্ত্বেও তা গোপন করা একজন আলেমের জন্য গ্রহণযোগ্য নয়। অনুকূল বা প্রতিকূল যে পরিবেশই হোক, সত্যকে সত্য হিসেবে তুলে ধরার সাহস থাকতে হবে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কাউকে তার জ্ঞাত কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হলে যদি সে তা গোপন রাখে, কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৩৬৫৮)

তবে সত্য উচ্চারণের পাশাপাশি প্রজ্ঞা, শিষ্টাচার ও পরিস্থিতির যথাযথ বিবেচনাও গুরুত্বপূর্ণ।

১০. মানবকল্যাণে কাজ করা
একজন আলেম শুধু নিজের ইবাদত ও জ্ঞানচর্চার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না; মানুষের কল্যাণেও ভূমিকা রাখবেন। বিশেষ করে মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়া, তাদের নৈতিক চরিত্র গঠন এবং পরকালীন মুক্তির পথে পরিচালিত করা তাঁর অন্যতম দায়িত্ব।

ইমাম গাজালি (রহ.) বলেন, ‘নবুয়তের পর চারটি গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো মানুষকে জ্ঞান দান করা, তাদের আত্মাকে ধ্বংসাত্মক নিন্দনীয় চরিত্র থেকে পরিশুদ্ধ করা এবং সৌভাগ্য অর্জনকারী প্রশংসনীয় চরিত্রের দিকে পরিচালিত করা।’ (ইহইয়াউ উলুমুদ্দিন, ইলম অধ্যায়)

আলেমের ইলম হোক মানুষের জন্য আলো
একজন প্রকৃত আলেমের পরিচয় শুধু তাঁর জ্ঞানের পরিমাণে নয়; বরং তাঁর আল্লাহভীতি, ইখলাস, আমল, উত্তম চরিত্র, সত্যনিষ্ঠা, সহনশীলতা এবং মানুষের কল্যাণে তাঁর ভূমিকার মধ্যেই প্রকৃত পরিচয় প্রকাশ পায়।

ইলম যদি অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে, আমলে পরিবর্তন আনে এবং মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে তবেই সেই ইলম সত্যিকার অর্থে আলোকবর্তিকা হয়ে ওঠে।

আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ জ্ঞান অর্জন, সে অনুযায়ী আমল এবং আল্লাহভীরু ও কল্যাণকামী হওয়ার তাওফিক দান করুন। আমিন।

বিজ্ঞাপন