দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জননিরাপত্তা নিশ্চিত এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। আজ রাজধানীর গুলশানে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আল্লামা ইমাম হায়াত বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং গণতন্ত্রহীনতা ও অধিকারহীনতার পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করা। কিন্তু প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত না হওয়ায় তারা হতাশ।
তিনি অভিযোগ করেন, দেশে আগের চেয়েও নিকৃষ্ট স্বৈরতন্ত্র, গুন্ডাতন্ত্র ও দস্যুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ধর্মের নামে উগ্রবাদী ও সাম্প্রদায়িক রাজনীতির প্রভাব দেশের গণতন্ত্র, জননিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের স্বার্থে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র, শান্তিপূর্ণ পরিবেশ ও অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে পারলে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক হিসেবে ইতিহাসে সম্মানিত হয়ে থাকবেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আল্লামা ইমাম হায়াত বলেন, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। গরিব জনগণ সীমাহীন কষ্টে রয়েছে। বাক্স্বাধীনতা সংকুচিত হচ্ছে এবং মামলা ও মব সৃষ্টির মাধ্যমে হয়রানির আশঙ্কায় মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, উগ্রবাদী ও সাম্প্রদায়িক রাজনীতির প্রভাব উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেলে মানবিক রাজনীতির বিকাশ ঘটবে। এর মাধ্যমে রাষ্ট্র, ধর্ম, জনগণের অধিকার ও অর্থনৈতিক ব্যবস্থা সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পাবে। দেশে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানান।
হঠাৎ করে তুলা গুদামে পুষ্টিচাল মিশ্রণমিল স্থাপন
৪ ঘন্টা আগে