নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ইউনিসেফের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে পাঁচ ধরনের টিকা কিনবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে ছয় মাসের টিকা সংগ্রহে ব্যয় হবে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। মাঠপর্যায়ে টিকার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ইপিআই কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা জরুরি। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যমান মজুতের অতিরিক্ত হিসেবে ছয় মাসের পাঁচ ধরনের টিকা জরুরি ভিত্তিতে সংগ্রহ করা প্রয়োজন।
প্রস্তাবে আরও বলা হয়, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা সংগ্রহে তুলনামূলক বেশি সময় লাগে। পাশাপাশি খোলাবাজারে প্রয়োজনীয় পরিমাণ টিকা পাওয়া যায় না। এ ছাড়া টিকার কাঙ্ক্ষিত গুণগত মান বজায় রাখাও কঠিন হয়ে পড়ে। এসব বিবেচনায় ইপিআই কার্যক্রম সচল রাখতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) টিকা কেনার প্রস্তাব করা হয়।
কেনা হবে পাঁচ ধরনের টিকা
প্রস্তাব অনুযায়ী, পাঁচ ধরনের টিকার মধ্যে রয়েছে বিসিজি, এমআর, বিওপিভি, পেন্টাভ্যালেন্ট ও পিসিভি।
সরকারি তহবিলের (জিওবি) অর্থায়নে স্বাস্থ্য অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করবে। নীতিগত অনুমোদনের ফলে ইউনিসেফের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে এসব টিকা সংগ্রহের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইপিআই কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে নারী ও শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। টিকার সরবরাহে বিঘ্ন ঘটলে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে বিদ্যমান মজুতের পাশাপাশি অতিরিক্ত ছয় মাসের টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।
সূত্র: দৈনিক ইত্তেফাক
শীতের সবজি ও ডিমের উৎপাদন বাড়ায় কমছে ডিমের দাম
৭ ঘন্টা আগে