শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি ও মুরগির ডিমের উৎপাদন বাড়ায় বাজারে কমতে শুরু করেছে ডিমের দাম। গত এক মাসে প্রতি ডজন ডিমের দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা। এতে বিপাকে পড়েছেন পোলট্রি খামারিরা। শীতের সবজির সরবরাহ আরও বাড়লে ডিমের দামও আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
গত ৬ নভেম্বর রংপুরে খামার পর্যায়ে প্রতিটি বাদামি ডিম বিক্রি হয়েছে ৯ টাকা ৪০ পয়সা থেকে ১০ টাকা ২৫ পয়সা দরে। এক মাস আগে প্রতিটি ডিমের দাম ছিল ১১ টাকা। অন্যদিকে, ঢাকার খুচরা বাজারে প্রতিটি ডিমের দাম কমে দাঁড়িয়েছে ১০ টাকা ৮০ পয়সায়, যা এক মাস আগে ছিল ১৩ টাকা ৩০ পয়সা। খামারিদের হিসাবে, প্রতিটি ডিম উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ৯ টাকা ৫০ পয়সা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীতকালে বাজারে বিভিন্ন ধরনের সবজির সরবরাহ বাড়লে ডিমের চাহিদা কমে যায়। তুলনামূলক কম দামে সবজি পাওয়া গেলে অনেক ভোক্তা ডিমের পরিবর্তে সবজি কেনেন। পাশাপাশি শীতকালে মুরগির ডিম উৎপাদনও বাড়ে। ফলে একদিকে চাহিদা কমে, অন্যদিকে সরবরাহ বাড়ে। এর প্রভাব পড়ে ডিমের বাজারদরে।
তাদের মতে, ডিমের দাম বাড়লে অনেকেই বাজারে সিন্ডিকেটের কারসাজির অভিযোগ তোলেন। কিন্তু দাম কমলে বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। প্রকৃতপক্ষে চাহিদা ও সরবরাহের পরিবর্তন ডিমের দামের ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রংপুর সদর উপজেলার হাসনাবাদ এলাকার খামারি আমিনুর রহমান তিনটি শেডে সাত হাজার লেয়ার মুরগি পালন করছেন। চার বছর আগে বাবার তামাক ব্যবসা ছেড়ে দুই হাজার মুরগি নিয়ে খামার শুরু করেন তিনি। বর্তমানে তার খামারে ডিম উৎপাদনের হার ৯২ শতাংশ।
তবে উৎপাদন ভালো হলেও ডিমের দাম কমে যাওয়ায় উদ্বিগ্ন তিনি। আমিনুর রহমান বলেন, সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় ডিমের দাম কমেছে। আগে প্রতিটি ডিম ১১ টাকা ৮০ পয়সায় বিক্রি হলেও এখন দাম নেমে এসেছে ৯ টাকায়। শীতকালীন সবজির ভরা মৌসুম শুরু হলে দাম আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুরাদহ গ্রামের রোকনুজ্জামান মুগ্ধ কৃষিবিজ্ঞানে স্নাতক পর্যায়ে পড়াশোনার পাশাপাশি পারিবারিক খামারের দায়িত্ব পালন করছেন। তাদের খামারে রয়েছে ৯ হাজার লেয়ার মুরগি। মুগ্ধ বলেন, শীতকালে মুরগি তুলনামূলক বেশি ডিম দেয়। পাশাপাশি বাজারে সবজির সরবরাহ বাড়লে ডিমের দাম কমে যায়। তাদের খামারেও প্রতিটি ডিমের দাম প্রায় দুই টাকা কমেছে।
তার বাবা মোহাম্মদ মুকুল বলেন, লেয়ার মুরগির খামার দীর্ঘমেয়াদি বিনিয়োগ। স্বল্পমেয়াদে ব্যবসায় হতাশার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বাজারদর কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না, বাজারই তা নির্ধারণ করে।
রংপুরের পীরগাছা উপজেলার পরান এলাকার স্কুলশিক্ষক ও পোলট্রি খামারি খন্দকার আবু সাঈদ বলেন, গ্রীষ্মকালে সবজি ও মাছের উৎপাদন কমে গেলে ডিমের চাহিদা বাড়ে। ওই সময় ডিমের উৎপাদনও তুলনামূলক কম থাকে। ফলে দাম বেড়ে যায়। অন্যদিকে, শীতকালে সবজির সরবরাহ বাড়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে মুরগির ডিমের উৎপাদন অন্তত ৫ শতাংশ এবং হাঁসের ডিমের উৎপাদন প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এতে বাজারে ডিমের সরবরাহ বাড়ে এবং দাম কমে।
রংপুরের তারাগঞ্জ বাজারের ডিম ব্যবসায়ী আবদুস সালাম বলেন, এক মাস আগেও তিনি প্রতিদিন ১১ টাকা দরে সাত থেকে আট হাজার ডিম বিক্রি করতেন। বর্তমানে প্রতিটি ডিমের দাম প্রায় দেড় টাকা কমলেও দিনে পাঁচ হাজারের বেশি ডিম বিক্রি করতে পারছেন না। কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষের আয় কমে যাওয়া এবং শীতকালীন সবজির প্রতি ঝোঁক বাড়ায় ডিমের চাহিদা কমেছে বলে মনে করেন তিনি।
নীলফামারীর সৈয়দপুরের ডিমের পাইকারি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, ডিমের দাম মূলত চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি এবং সবজির সহজলভ্যতার কারণে দাম কমেছে।
কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান বলেন, সবজি ও ডিম অনেক ক্ষেত্রে পরস্পরের বিকল্প পণ্য হিসেবে কাজ করে। শীতকালে বাজারে সবজির সরবরাহ বাড়লে ভোক্তারা সবজি বেশি কেনেন এবং ডিম কেনা কমিয়ে দেন। এতে ডিমের চাহিদা কমে গিয়ে দামের ওপর প্রভাব পড়ে।
তিনি আরও বলেন, চলতি বছরের শুরুতে গ্রীষ্মকালে অতিবৃষ্টির কারণে সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় সরবরাহ কমে গিয়েছিল। তখন ভোক্তারা বেশি ডিম কেনেন। ফলে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ডিমের দামও বেড়ে যায়।
ডিমের বাজারদর সব সময় স্থিতিশীল থাকবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে মনে করেন কাজী জাহিন হাসান। তার মতে, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হলে দাম কমবে, আর সরবরাহের তুলনায় চাহিদা বেশি হলে দাম বাড়বে। বাজারের স্বাভাবিক নিয়মেই ডিমের দাম নির্ধারিত হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক