প্রাতিষ্ঠানিক ডেলিভারীর মাধ্যমে মা ও শিশু মৃত্যুর হার কমাতে রংপুরে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে ডেলিভারীর কার্যক্রম শুরু করেছে ডাঃ মফিজ উদ্দিন ফাউন্ডেশন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুর গ্রুপ অডিটরিয়ামে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসানের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ইসরাত জাহান। রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিনের সঞ্চালনায় এতে
উপস্থিত ছিলেন, রংপুর গ্রুপের কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও সুবিধাভোগীরা। বিনামূল্যে ডেলিভারী কার্যক্রমে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে ১’শ জন সুবিধাবঞ্চিত মাকে
বিনা খরচে ব্যাথামুক্তভাবে ডেলিভারীর ব্যবস্থা করেছে ডাঃ মফিজ উদ্দিন ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, সমাজের অসহায় ও অসচ্ছল গর্ভবতী মায়েরা যেন আর্থিক সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্য নিয়েই এই বিনামূল্যে ডেলিভারি প্রোগ্রাম। ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার সামাজিক দায়িত্ব। অনেক অসচ্ছল পরিবার অর্থের অভাবে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা থেকে বঞ্চিত হয়, যা মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। ডাঃ মফিজ উদ্দিন ফাউন্ডেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের এই মহতী উদ্যোগ রংপুর অঞ্চলের সুবিধাবঞ্চিত মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে অনন্য ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে।