গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এসব ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য যাচাই শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ।
জব্দ হওয়া ব্যাংক হিসাবের তালিকায় রয়েছেন সাবেক সচিব সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী। এ ছাড়া গোপালগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পদধারী নেতারাও রয়েছেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, তালিকায় থাকা ৯৭ ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার। এ ছাড়া কাশিয়ানীতে ১৯ জন, গোপালগঞ্জ সদরে ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন এবং মুকসুদপুরে ১৪ জন রয়েছেন।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে সাবেক স্বাস্থ্যসচিব ও তাঁর স্ত্রীসহ ১২ জনের নাম জানা গেছে। বাকি ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র: দৈনিক ইত্তেফাক