দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ৭ই নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শনিবার (৭ই নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে লালমনিরহাটের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখেন। একই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বিএনপি মানেই গণতন্ত্র। বিএনপি মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। মন্ত্রী জানান, আগামী ১৯শে নভেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাট সফর করবেন। এ সময় তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং জেলার ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে বাল্যবিবাহ ও যৌতুকসহ সামাজিক সমস্যা মোকাবিলায় লালমনিরহাটে একটি মডেল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে স্থানীয় দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। পরে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালির উদ্বোধন করেন। এতে বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
#