জামিনের পর আদালত চত্বরে উত্তেজিত পরীমণি, ব্যক্তির সঙ্গে বাগ্বিতণ্ডা গায়ে হাত দেওয়ার অভিযোগ অভিনেত্রীর, অস্বীকার করে পাল্টা অভিযোগ ওই ব্যক্তির জামিন পাওয়ার পর ঢাকার আদালত চত্বর থেকে বের হওয়ার সময় এক ব্যক্তির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এ সময় উত্তেজিত হয়ে ওই ব্যক্তিকে উদ্দেশ করে গালিগালাজ করেন তিনি। পরীমণির অভিযোগ, ওই ব্যক্তি তাঁর গায়ে হাত দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যক্তি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। একটি সাদা গাড়িতে করে আদালত চত্বরে পৌঁছানোর পর পরীমণিকে ঘিরে ধরেন উৎসুক জনতা। এ সময় এক ব্যক্তির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে ভিড়ের মধ্যে এক ব্যক্তির ওপর ক্ষুব্ধ হন পরীমণি। এ সময় তাঁকে উত্তেজিত হয়ে গালিগালাজ করতে শোনা যায়। ওই ব্যক্তি পরীমণির অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কেন তাঁর গায়ে হাত দেবেন। একই সঙ্গে তাঁর ট্রাইপড ভেঙে দেওয়ার অভিযোগও করেন।
এ সময় পরীমণির সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে বলতে শোনা যায়, ওই ব্যক্তি টেনে তাঁর হাত ছিলে ফেলেছেন।
আদালতের কার্যক্রম শুরুর আগপর্যন্ত কিছুক্ষণ গাড়ির ভেতরে অবস্থান করেন পরীমণি। এ সময় তাঁর গাড়ির চারপাশে ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের উপস্থিতি দেখা যায়। পরে আদালতকক্ষে প্রবেশের সময় সাংবাদিক ও উৎসুক জনতার ভিড়ের কারণে তাঁকে বিড়ম্বনায় পড়তে হয়। নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া ও বিশৃঙ্খল পরিস্থিতিতে আদালত চত্বরেই উষ্মা প্রকাশ করেন তিনি।
এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে উপস্থিত হননি পরীমণি। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী অ্যালার্জিজনিত অসুস্থতার কথা জানিয়ে সময়ের আবেদন করেন। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাঁর জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করে দাবি করেন, পরীমণি ইচ্ছাকৃতভাবে আদালতে অনুপস্থিত থেকে বিচারিক কার্যক্রম বিলম্বিত করছেন। পরে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ২৩ ডিসেম্বর ধার্য করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই সাভারের বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণি এবং তাঁর দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০২১ সালের ৮ জুন রাতে পরীমণি ও তাঁর সহযোগীরা বোট ক্লাবে গিয়ে দামি মদের বোতল নিতে চান। এতে রাজি না হওয়ায় তাঁরা ক্লাব ভাঙচুর করেন এবং একপর্যায়ে পরীমণি গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মেরে নাসির উদ্দিনকে আহত করেন। তবে এগুলো মামলার এজাহারে করা অভিযোগ।
সূত্র: দৈনিক ইত্তেফাক