ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমণি। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। একই সঙ্গে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বিষয়টি নিশ্চিত করে জানান, আগের দিন আদালত তাঁর মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
এর আগে বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। তাঁর আইনজীবী অ্যালার্জিজনিত সমস্যার কথা উল্লেখ করে সময় চেয়ে আবেদন করেন। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাঁর জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বুধবার মামলার বাদী নাসির উদ্দিন মাহমুদ আদালতে উপস্থিত হয়ে পরীমণিসহ তিন আসামির জামিন বাতিলের আবেদন করেন। শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে শুনানি শেষে আদালত পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক
আদালত চত্বরে মেজাজ হারিয়ে ‘গালিগালাজ’ করলেন পরীমণি
১৬ মিনিট আগে
৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর
২৩ ঘন্টা আগে