বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সাজেকে চলমান অবরোধের মধ্যে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ শুরু


প্রকাশ : (৪৩ মিনিট আগে)
সাজেকে চলমান অবরোধের মধ্যে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ শুরু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। চলবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক পর্যটন সড়ক অবিলম্বে সচল করা এবং পাহাড়ে সশস্ত্র তৎপরতা বন্ধের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। সংগঠনটির দাবি, বারবার অবরোধের কারণে সাজেকের পর্যটনশিল্প, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবরোধের কারণে স্থানীয় জুমচাষিরা উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন না। ফলে অনেক কৃষিপণ্য নষ্ট হচ্ছে। পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সংগঠনটির অভিযোগ, আঞ্চলিক সশস্ত্র দলগুলোর প্রভাব ও চাপের কারণে সাধারণ মানুষ অবরোধ কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হচ্ছেন। পাহাড়ে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডের মতো ঘটনায় স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় সাজেক পর্যটন সড়ক সচল করা এবং পাহাড়ে সশস্ত্র তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

এদিকে, সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে গত ২২ অক্টোবর থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করছে সংগঠন দুটি।

তবে স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহন এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যানবাহন চলাচলে ৪ নভেম্বর থেকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অবরোধকারী সংগঠন দুটি। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকর্মীদের যানবাহনও অবরোধের আওতামুক্ত থাকবে।

অন্যদিকে, সাজেকের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠন দুটি। ফলে পাল্টাপাল্টি কর্মসূচিতে সাজেকের সড়ক যোগাযোগ ও পর্যটন কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে গত ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটন ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

সূত্র: দ্য ডেইলি স্টার।

বিজ্ঞাপন