বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রংপুর নগরীতে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচী শুরু


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রংপুর নগরীতে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচী শুরু

তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রংপুর নগরীতে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচী শুরু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুুপুরে নগরীর ৩৩নং ওয়ার্ডের রঘু আজিজুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচীর উদ্বোধন করেন, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার। রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচীতে মা ও শিশু মৃত্যুহার কমানোসহ স্বাস্থ্যসেবার উন্নয়নে একটি মোবাইল ভ্যানে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিনিধি দল প্রতি সপ্তাহে একদিন নগরীর একটি করে ওয়ার্ডে গাইনী, শিশু, মেডিসিন ও চক্ষু রোগের প্রাথমিক সেবা প্রদান করবে। প্রাথমিক সেবা নেয়া জটিল রোগীদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসাসেবা প্রদান করবে কর্তৃপক্ষ। উদ্বোধনী দিনে ৫ শতাধিক রোগীকে মোবাইল ভ্যানে স্বাস্থ্যসেবা প্রদান করেন চিকিৎসকরা।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, রংপুর নগরী ২০৫ দশমিক ৭ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সিটি কর্পোরেশন এরিয়া বড় হওয়ায় হতদরিদ্র নগরবাসীকে অনেক টাকা খরচ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে হয়। অনেকে অবহেলা কিংবা অর্থ সংকটে ছোট রোগের চিকিৎসা না করায় তা পরবর্তীতে ক্যান্সারসহ জটিল রোগে পরিণত হয়। তাই নগরবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রতিটি ওয়ার্ডে মোবাইল ভ্যানের মাধ্যমে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি নগরবাসীর এটি অনেক উপকারে আসবে। এছাড়া নগরীতে স্বাস্থ্যখাতের উন্নয়নে নানা পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।    
রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের একটি প্রশিক্ষিত টিম প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচী বাস্তবায়নে কাজ করছে। তারা নগরীর এমন প্রত্যন্ত এলাকায় যাচ্ছে, যার আশপাশে কোন স্বাস্থ্যকেন্দ্র নেই, চিকিৎসার ব্যবস্থা নেই। উদ্বোধনের প্রথমদিনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। প্রাথমিকভাবে আমরা প্রতি সপ্তাহের একদিন একটি করে ওয়ার্ডে এ সেবা প্রদান করবে। পর্যায়ক্রমে এই সেবা বাড়ানো হবে। প্রাথমিক চিকিৎসা নেয়া রোগী পরবর্তীতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসলে তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। 

বিজ্ঞাপন