গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিকরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসক বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি যেন না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, কারখানার গুদাম ও একটি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে শ্রমিক ও বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আন্দোলনের কারণে প্রায় ১০০টি কারখানায় সাময়িক ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সূত্র: দৈনিক ইত্তেফাক
রংপুরে জাতীয় যুব দিবস উদ্যাপিত
২১ ঘন্টা আগে