বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে ৩০ কিলোমিটার দূরে জলদস্যুদের গুলিতে এক মাঝি নিহত হয়েছে। এ সময় ফিশিং বোর্ড ও আরও ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। বুধবার (৬ নভেম্বর) গভীর রাতে বঙ্গোপসাগরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের জাহাজ হারি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাঝির নাম মোকাররম। তিনি কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের আজিমুদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা।
অক্ষত অবস্থায় ফিরে আসা জয়নাল নামে এক জেলে জানান, তারা ২১ জন জেলে চট্টগ্রামের বাঁশখালীর মুহাম্মদ ঈসমাইলের মালিকানাধীন ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরতে সাগরে যান। মাছ ধরার সময় বুধবার রাত আনুমানিক ২টার দিকে অস্ত্রধারী জলদস্যুরা হামলা চালায় ট্রলারে। এতে মাঝি মোকাররম গুলিবিদ্ধ হয়। পরে তাকে ও গুলিবিদ্ধ মাঝি মোকাররমকে আরেকটি ট্রলারে তুলে দেয় জলদস্যুরা। এরপর অন্যান্য জেলেসহ ট্রলারটি অপহরণ করে নিয়ে যায় তারা।
বৃহস্পতিবার সকাল ৮টায় মোকারমকে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ দাশ তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, আমরা নিহতের অভিভাবকের সঙ্গে কথা বলে লাশ চট্টগ্রাম মর্গে পাঠিয়েছি।