রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে, ধাওয়ায় ছুড়ল সাউন্ড গ্রেনেড


প্রকাশ : (২ ঘন্টা আগে)
বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে, ধাওয়ায় ছুড়ল সাউন্ড গ্রেনেড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করলে সাউন্ড গ্রেনেড ছুড়ে ঘটনাস্থল থেকে সরে যায় বিএসএফ সদস্যরা।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭ নম্বর প্রধান পিলারের ৪ নম্বর উপপিলারের কাছে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বামনদল সীমান্তের বাংলাদেশ অংশে কৃষকেরা কাজ করছিলেন। এ সময় স্থানীয় একটি নদী পেরিয়ে কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তাঁরা কৃষকদের সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয় কৃষকেরা লাঠি নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এ সময় বাংলাদেশিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করেন বিএসএফ সদস্যরা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ঘটনার পর বামনদল সীমান্ত এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রংপুর ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনুল ইসলাম জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আয়োজনের আহ্বান করে বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন