মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে আজ সোমবার (১৯ অক্টোবর) চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন। এদিন দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক। পোস্টে তিনি লেখেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
পদত্যাগের ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের উচ্ছ্বাস প্রকাশের বিষয়েও মন্তব্য করেন ইশরাক। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশে থাকা ব্যক্তিরা দেশে ফিরে তাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ইশরাক আরও জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও সক্রিয়ভাবে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তারে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
ফেসবুক পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’