দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করে মাদক ও জুয়া থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবল, ক্রিকেট ও গ্রামীণ খেলাধুলার প্রসারে কাজ করা হচ্ছে। শনিবার (১৭ই অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল খেলা উপভোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তের এসব কথা বলেন।
তিনি বলেন, “খেলাকে আমরা আলাদাভাবে দেখি না। ফুটবল, ক্রিকেট কিংবা গ্রামীণ হাডুডু সব খেলাই গুরুত্বপূর্ণ। তরুণ সমাজের একটি অংশ মাঠের বাইরে চলে গিয়ে মাদকাসক্তি ও জুয়া-ক্যাসিনোতে জড়িয়ে পড়েছে। তাদের মাঠমুখী করতে চাই আমরা।”
মন্ত্রী আরও বলেন, “কিশোর ফুটবল টুর্নামেন্ট চালুর পর গোটা জেলাজুড়ে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মাঠে, হাটে-ঘাটে প্রচুর খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরপর সিনিয়র ডিভিশনের খেলা আয়োজনের পাশাপাশি ক্রিকেটও চালু করা হবে। গ্রামাঞ্চলে হাডুডু খেলাও ব্যাপক সাড়া ফেলেছে। স্বাস্থ্য, সমাজ ও জীবনের জন্য সব খেলাই জরুরি।”
শনিবার লালমনিরহাটে জেলা প্রশাসক আলোকিত কিশোর ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দুই গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় অভিযান সংঘ মর্নিং স্টার ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে নবাবেরহাট আদর্শ ক্লাব ও পাটগ্রাম ফুটবল একাডেমির মধ্যকার নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে পাটগ্রাম ফুটবল একাডেমিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে নবাবেরহাট আদর্শ ক্লাব।