বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

দুর্গাপূজায় ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
দুর্গাপূজায় ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আনা-নেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে পাঠানো চিঠির অনুলিপি বুড়িমারী স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেওয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমানও বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনগুলোর চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত সাত দিন পণ্য পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।

এদিকে, বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, পণ্যবাহী ট্রাক চলাচল ও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা থাকবে না। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক নিয়মেই যাত্রী পারাপার চলবে।

বিজ্ঞাপন