রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

প্রবাসীদের বিনিয়োগ টানতে ১০০ কোটি ডলারের তহবিল গড়ছে এম ক্যাপিটাল


প্রকাশ : (১৭ ঘন্টা আগে)
প্রবাসীদের বিনিয়োগ টানতে ১০০ কোটি ডলারের তহবিল গড়ছে এম ক্যাপিটাল

প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বৈশ্বিক অভিজ্ঞতাকে দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগে কাজে লাগাতে ১০০ কোটি মার্কিন ডলারের বিশেষায়িত তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এম ক্যাপিটাল। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২৬ সেপ্টেম্বর ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তহবিলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এম ক্যাপিটালের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রবাসীদের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন। তরুণদের মেধা ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সামাজিক ব্যবসা সম্প্রসারণের আহ্বানও জানান তিনি।

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন। বিদেশি ও প্রবাসী উদ্যোক্তাদের বাংলাদেশে এসে বিনিয়োগ পরিবেশ সরাসরি পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

এম ক্যাপিটালের চেয়ারম্যান আহসান এইচ মনসুর জানান, ১০০ কোটি ডলারের কাঠামোর আওতায় তিনটি আলাদা তহবিল গঠন করা হবে। এগুলো হলো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড এবং হেলথকেয়ার ইমপ্যাক্ট ফান্ড।

প্রতিষ্ঠানটির দাবি, তহবিলগুলো দেশীয় ও আন্তর্জাতিক আইন এবং নির্ধারিত মানদণ্ড মেনে পরিচালিত হবে। বিনিয়োগ ব্যবস্থাপনায় স্বাধীন উপদেষ্টাদের তদারকি থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে দুই বছরের লক-ইন সময়সীমাও রাখা হয়েছে। তহবিলগুলোর ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক।

বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের বিনিয়োগে যুক্ত করতে প্রায় ১০০টি প্রধান শহরে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে এম ক্যাপিটাল।

আহসান এইচ মনসুর বলেন, ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের সঞ্চিত অর্থ, বৈশ্বিক যোগাযোগ ও পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রযুক্তিনির্ভর ও উচ্চমূল্যের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

ঢাকার বনানীতে নিবন্ধিত প্রধান কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনা করছে এম ক্যাপিটাল। প্রতিষ্ঠানটি স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের অর্থ দেশের উৎপাদনশীল বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য কাজ করছে।

বিজ্ঞাপন