ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রীর বক্তব্য দেশে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেকোনো মূল্যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতিতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ নিশ্চিত করতে বিএনপি কাজ করবে বলে জানান তিনি।
বক্তব্যে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে।’
বিএনপির বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নকে সামনে রেখেই দলটি রাজনীতি করে। খাল খনন, নদী খনন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন।
মুহুরী-কহুয়া প্রকল্পের সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খাল ও নদী খননের উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের প্রায় সাড়ে চার লাখ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে চাষাবাদের সুযোগ তৈরি হবে এবং ফসল উৎপাদন প্রায় এক লাখ মেট্রিক টন বাড়বে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: বাসস