শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

প্রবীণদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তায় নতুন ব্যবস্থার আহ্বান রাষ্ট্রপতির


প্রকাশ : (১৬ ঘন্টা আগে)
প্রবীণদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তায় নতুন ব্যবস্থার আহ্বান রাষ্ট্রপতির

বয়স্কদের ভাতা ও সুবিধা বাড়ানোর কথা তুলে ধরে মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের তাগিদ চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়নে মানুষের গড় আয়ু বাড়ছে। এ বাস্তবতায় প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থা নতুন করে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, চিকিৎসাবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি ও জীবনমানের উন্নয়নের ফলে বিশ্বজুড়ে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। দীর্ঘায়ুর এই বাস্তবতায় প্রবীণদের সার্বিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান ব্যবস্থাগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন।

এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ (দ্য এইজ অব লংজিবিটি: রিথিংকিং সিস্টেমস ফর লংগার লাইভস)। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে উল্লেখ করে প্রবীণ নাগরিকদের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, বার্ধক্য মানুষের স্বাভাবিক জীবনপ্রবাহের অনিবার্য অংশ। তাই প্রত্যেক নাগরিকের জীবনের শেষ পর্যায় যেন নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ হয়, তা নিশ্চিত করা জরুরি।

সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদের আলোকে প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা খাতে ৫ হাজার ২৩৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি এ কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের এসব কল্যাণমূলক উদ্যোগ প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবনযাপনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

প্রবীণদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তারা শুধু অতীতের গল্প নন, বরং বর্তমানের শিকড় ও ভবিষ্যতের পথপ্রদর্শক। তাঁদের শ্রম, মেধা, ত্যাগ ও অভিজ্ঞতার ভিত্তিতেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে।

তবে প্রবীণদের একটি বড় অংশকে স্বাস্থ্যহানি, আর্থিক অনিশ্চয়তা ও নিঃসঙ্গতার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতির মতে, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে প্রবীণদের প্রতি সহমর্মিতা এবং যত্নশীল দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা অপরিহার্য।

প্রবীণদের সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও দাতব্য সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং পরিবারগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রবীণদের মুখে হাসি ফোটানো এবং তাঁদের জন্য শান্তিময় ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করাকে তিনি সবার সামাজিক অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন